স্টাফ রিপোর্টার:
রাজধানীর গেন্ডারিয়ার বিতর্কিত ‘ঘুণ্টিঘর’ এলাকার আড়াই কিলোমিটার জোড়া মাদকের আস্তানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে ২৬ ফুট প্রশস্ত একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটি নির্মিত হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়ার পাশাপাশি জরুরি যানবাহন চলাচলেও সুবিধা তৈরি হবে।
সোমবার (২ নভেম্বর) গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
ইশরাক হোসেন জানান, দীর্ঘদিন ধরে রেললাইনের পাশে অবৈধভাবে গড়ে তোলা এসব আস্তানায় মাদক সেবন ও বিক্রিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলত। গত দুই সপ্তাহের টানা অভিযানে শ্যামপুর অংশ থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে এবং বর্তমানে ২৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। বাকি থাকা কিছু অস্থায়ী স্থাপনাও দ্রুত সরিয়ে নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, সড়কটি চালু হলে ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডসহ পুরো গেন্ডারিয়ার মানুষ সুফল পাবেন। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স চলাচল সহজ হবে এবং এলাকায় স্ট্রিট লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা সম্ভব হবে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতিগুলোকে মাদকের থাবা থেকে মুক্ত রাখতে তাঁর নির্বাচনী এলাকায় পর্যায়ক্রমে সব মাদকের স্পট ধ্বংসের ঘোষণা দেন তিনি।
এই প্রকল্পে সহযোগিতার জন্য রেল প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রতি ধন্যবাদ জানান তিনি।
পরিদর্শনকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, পুলিশের ওয়ারী জোনের উপকমিশনার এবং গেন্ডারিয়া ও শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন ফটো কার্ড