মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরছেন—এমন ভিত্তিহীন গুজবে প্রকাশ্যে মাইকিং করার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করেছে।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় মাইক বেঁধে এ ধরনের প্রচারণা চালানো হয়।
ঘটনাস্থলের ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, এক যুবক অটোরিকশায় মাইক লাগিয়ে উচ্চশব্দে এলাকায় শেখ হাসিনার দেশে ফেরার ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। সেখানে দাবি করা হয়—বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে পদার্পণ করবেন। এ কারণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে তাকে স্বাগত জানানোর উদাত্ত আহ্বান জানানো হয়। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং স্থানীয় অধিবাসীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজোবমূলক মাইকিং করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পরই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এই ভিত্তিহীন ও অস উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার নেপথ্যে অন্য কারও উসকানি বা সরাসরি ইন্ধন ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।