নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম
ঢাকা: মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি নিম্নচাপ ও গভীর নিম্নচাপ পেরিয়ে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সম্ভাব্য সময় ও গতিপথ:
বিডব্লিউওটির প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর পর ৭২ ঘণ্টার মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা আপাতত কম। তবে এর পরোক্ষ প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৭-২৮ অক্টোবর থেকে ১-নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সতর্কবার্তা ও মৎস্যজীবীদের প্রতি নির্দেশনা:
সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। এ অবস্থায় গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি জেলেদের আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষি খাতের সুরক্ষায় জরুরি পরামর্শ:
সম্ভাব্য ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির কারণে কৃষি খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পাকা ধান নষ্ট হওয়া ও গাছ মাটিতে হেলে পড়ার ঝুঁকি এড়াতে বিডব্লিউওটি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে: