Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত ছিনতাইকারী হাসনাইনসহ গ্রেফতার ১৩

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত ছিনতাইকারী হাসনাইনসহ গ্রেফতার ১৩


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় পুলিশ পরিচালনা করেছে বিশেষ অভিযান। অভিযানে 'কুখ্যাত ছিনতাইকারী' হাসনাইন হাসানসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

​শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুর থানার বিভিন্ন পয়েন্টে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন কিশোর এবং একজন নারী সদস্য রয়েছেন।

​গ্রেফতারদের মধ্যে কুখ্যাত ছিনতাইকারী হিসেবে পরিচিত হাসনাইন হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় অন্তত আধা ডজন ছিনতাইয়ের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

​অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই করা ৪টি মোবাইল ফোন এবং অপরাধে ব্যবহৃত ৩টি সুইচ গিয়ার, ২টি ধারালো চাকু, ৪টি লোহার রড ও ১টি করাতকাটা চাকু উদ্ধার করা হয়।

​চক্রটির অপরাধের কৌশল সম্পর্কে পুলিশ জানায়, এরা মূলত পথচারী, গণপরিবহনের যাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের টার্গেট করত। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা সর্বস্ব লুটে নিত। এছাড়া নারী পথচারীদের অসাবধানতার সুযোগ নিয়ে কৌশলে ব্যাগ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নিত চক্রের নারী সদস্যসহ অন্য সহযোগীরা।

​মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জনস্বার্থে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF