নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তির মোড়ে এজেআর (AJR) ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের জিরো টলারেন্স নীতির আলোকে এ অভিযান চালানো হয়। ডিবির একটি দল শান্তির মোড়স্থ এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে তল্লাশি চালিয়ে অবৈধ এই মাদকের চালানটি জব্দ করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক এক মাদক কারবারি মাদকগুলো মজুত করে ঢাকার মিরপুরে পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ারে বুকিং করেছিল। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত পলাতককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান রোধে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।