অনলাইন ডেস্ক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সাথে তাঁকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব জেতী পু।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আহসান হাবিব এতদিন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটিতে উল্লেখ করা হয়, অবসর গ্রহণের পূর্বে তাঁকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে এবং জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, আহসান হাবিব বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বিসিএস পরীক্ষায় নিজ ব্যাচে প্রথম স্থান অধিকার করেছিলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকেও তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।