নিজস্ব প্রতিবেদক | ঢাকা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় জিনসের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা ১২ কেজি ৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চেন লিইউন ও মো জিয়াওইউ নামের দুই বিদেশি যাত্রীকে আটক করা হয়েছে।
উদ্ধার করা এই সোনার বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা কাস্টমস হাউসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
যেভাবে আটক হন দুই যাত্রী
কাস্টমস হাউস সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে এমিরেটসের ‘ইকে-৫৮৬’ ফ্লাইটে করে ওই দুই যাত্রী ঢাকায় আসেন। ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সতর্ক অবস্থান নেয় কাস্টমস কর্তৃপক্ষ। বিমানবন্দর এলাকায় কঠোর নজরদারির একপর্যায়ে চেন লিইউন ও মো জিয়াওইউ নামের দুই যাত্রী ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় পৌঁছান।
এ সময় কাস্টমস কর্মকর্তারা তাঁদের থামিয়ে তল্লাশি শুরু করেন। তল্লাশিতে তাঁদের পরিহিত জিনসের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা অবস্থায় নরম হলুদ রঙের সোনার পেস্ট উদ্ধার করা হয়।
বিশুদ্ধতা ও আইনি পদক্ষেপ
প্রাথমিক পরীক্ষায় উদ্ধার করা এই সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত করেছেন কাস্টমস কর্মকর্তারা।
ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, আটককৃত সোনা এবং দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রচলিত ফৌজদারি আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিমানবন্দর দিয়ে এ ধরনের চোরাচালান রোধে কাস্টমসের গোয়েন্দা ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।