Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার


​অনলাইন ডেস্ক:

রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৮) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি তার লাশটি উদ্ধার করে।

​পকেটে থাকা একটি আইফোনের সূত্র ধরে পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

​টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবা '৯৯৯' নম্বর থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত রাজাবাড়ি ঘাট এলাকায় পৌঁছায় এবং তুরাগ নদে ভেসে থাকা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল তৈরির পর পরিচয় শনাক্তে অনুসন্ধান শুরু হয়।

​তিনি আরও জানান, নিহতের পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। তাঁর মুখে হালকা দাড়ি, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। আইফোনের মাধ্যমেই স্বজনদের সঙ্গে যোগাযোগ করে নিহতের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

​মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF