Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ

পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ


​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

পুলিশের চাকরিতে নিয়োজিত থাকা অবস্থাতেও আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সমিতির নথিপত্র অনুযায়ী, ২০০২ সাল থেকে তিনি এই সংগঠনের সদস্য হিসেবে রয়েছেন।

​চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি বা অন্য কোনো পেশায় নিয়োজিত থেকে আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখা সংগঠনের বিধিবিধানের পরিপন্থী। এ কারণেই সরাইল থানার ওসিকে শোকজ করা হয়েছে। তিনি আরও জানান, অন্য পেশায় যুক্ত থেকেও যারা সদস্যপদ বহাল রেখেছেন, তাদের চিহ্নিত করার কাজ চলছে এবং পর্যায়ক্রমে সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​সমিতি সূত্রে জানা যায়, আইন পেশায় অনুপস্থিত থেকে অন্য পেশায় কর্মরত ব্যক্তিদের সনাক্ত করতে সম্প্রতি একটি উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যেসব সদস্য সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যবসায় নিয়োজিত আছেন, তাদের ৩০ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

​বিষয়টি নিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "পুলিশ বাহিনীতে যোগদানের পূর্বেই আমি আইনজীবী সমিতির সদস্যপদ স্থগিত করার জন্য আবেদন করেছিলাম। সমিতি থেকে পাঠানো শোকজ নোটিশের জবাবে ইতোমধ্যেই লিখিত ব্যাখ্যার পাশাপাশি প্রয়োজনীয় প্রমাণাদি ও কাগজপত্র জমা দিয়েছি।"

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF