Logo
প্রিন্টের তারিখ: 31 October 2026 | প্রকাশের তারিখ: Nov 1, 2026

সংবাদ শিরোনাম : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত: পাসের হার ৫১.৬২%

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত: পাসের হার ৫১.৬২%


​নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬:

​আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫১.৬২ শতাংশ এবং মোট জিপিএ-৫ অর্জন করেছেন ৩৫ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী।

​সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে উন্মুক্ত করা হয়।

​এর আগে পূর্বঘোষণা অনুযায়ী গত ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও, পরবর্তীতে তারিখ পরিবর্তন করে আজকের দিনটি নির্ধারণ করা হয়।

​যেভাবে ফলাফল জানা যাবে:

​আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা নিচের মাধ্যমগুলো থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন—

  • ​অনলাইন মাধ্যম: শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
  • ​মোবাইল এসএমএস (SMS): যেকোনো মুঠোফোন থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে।
    • ​এসএমএস ফরম্যাট: HSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পাস সাল> লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। (উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে)।
  • ​শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।

​উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন:

​যেসব শিক্ষার্থী ফলাফল নিয়ে সন্তুষ্ট নন, তারা উত্তরপত্র পুনর্নিরীক্ষ বা পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও এসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

​উল্লেখ্য, এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত হয়েছিলেন, যার পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। তবে পরীক্ষায় কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF