Logo
প্রিন্টের তারিখ: 31 October 2026 | প্রকাশের তারিখ: Nov 1, 2026

সংবাদ শিরোনাম : কারাগারে হাজতির মৃত্যু, হাসপাতালে মৃত ঘোষণা

কারাগারে হাজতির মৃত্যু, হাসপাতালে মৃত ঘোষণা


​নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. ইসমাইল (২৮) নামের এক হাজতি ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

​শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত মো. ইসমাইল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাস্তার আলীর ছেলে। কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নম্বর ছিল ১৫৭/২৬। তবে তিনি ঠিক কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।

​ঘটনার বিবরণ দিয়ে কারারক্ষী রফিকুল ইসলাম জানান, এদিন সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় ইসমাইল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

​তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF