Logo
প্রিন্টের তারিখ: 31 October 2026 | প্রকাশের তারিখ: Nov 1, 2026

সংবাদ শিরোনাম : দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ রাজনীতি ও উন্নয়ন বাস্তবায়নের আহ্বান

দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ রাজনীতি ও উন্নয়ন বাস্তবায়নের আহ্বান


​দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দেবিদ্বার উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

​কর্মসূচির অংশ হিসেবে দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লার নেতৃত্বে একটি সুশৃঙ্খল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

​পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেবিদ্বারে ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা কোনো ঝামেলা বা বিভেদ চাই না; কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।" তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি ও রূপরেখা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

​দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি সোহেল নেয়ামত সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম ও আহ্বায়ক জসিম উদ্দিন। এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া এবং কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদ্দাম হোসেন।

​অনুষ্ঠানে বক্তারা যুবদলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ পুনর্গঠনে তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি সফল করতে সাইদুর রহমান লিটন ফোরামের প্রবাসী নেতাকর্মীরা বিশেষ ভূমিকা ও সহযোগিতা রেখেছেন। সমাবেশে দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF