মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল সিরাপ এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগান থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে যে, ওই এলাকার একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় কিছু প্লাস্টিকের বস্তা পড়ে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে ৯৮ বোতল কফ রিলিফ সিরাপ, ৯৬ বোতল ফায়ারডিল সিরাপ, ১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা এবং ৮ বোতল রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।