Logo
প্রিন্টের তারিখ: 02 November 2026 | প্রকাশের তারিখ: Nov 2, 2026

সংবাদ শিরোনাম : নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট


​নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘সুন্দলপুর সাউথ-১’ নামক এই কূপটির দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

​আজ সোমবার (২ নভেম্বর) উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত এই কূপটিতে আনুষ্ঠানিকভাবে অগ্নি প্রজ্বলন (ফ্লেয়ারিং)-এর মাধ্যমে গ্যাস উত্তোলনের বিষয়টি নিশ্চিত করা হয়। বাপেক্স জানিয়েছে, এ কূপটি থেকে প্রতিদিন আনুমানিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। ভোক্তা পর্যায়ে আবিষ্কৃত এই গ্যাসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার ৮০৯ কোটি টাকা।

​বাপেক্স সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে এ খননকাজ পরিচালিত হয়। গত ৮ জুলাই বাপেক্সের নিজস্ব ‘বিজয়-১০’ রিগ ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে কূপটির খননকাজ শুরু করা হয়। ভূগর্ভের প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন শেষে দুটি ভিন্ন স্তরে বা জোনে এই প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক সন্ধান মেলে। বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, এই কূপ থেকে টানা ২০ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

​কূপটির সাফল্য নিয়ে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান প্রকল্পের পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান জানান, কূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তবে ভেতরে তেল বা অন্য কোনো খনিজ পদার্থের উপস্থিতি আছে কি না, তা চূড়ান্তভাবে নিশ্চিত হতে আগামী ১৫ দিন ধরে পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পরীক্ষা চালানো হবে।

​সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হলে দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে এবং জাতীয় গ্রিডে গ্যাসের প্রবাহ বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF