নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণে টালবাহানা এবং পরবর্তীতে সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ অভিযানে ঢাকা জেলার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয়।
অভিযোগের বিবরণ:
দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ প্রস্তুতের জন্য তিনি গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
পরবর্তীতে ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেল কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও তিনি জমির সীমানা নির্ধারণের কাজ করাতে পারেননি। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
৮০ লাখ টাকা ঘুষ দাবি:
যোগাযোগ করার পর সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম অভিযোগকারীর জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার শর্তে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে অভিযোগকারী বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অবহিত করেন এবং ঘুষের দাবির সঙ্গে জড়িত ওই ব্যক্তিকে হাতেনাতে আটকের জন্য একটি ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান।
দুদকের ফাঁদ অভিযান:
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এর একটি বিশেষ দল মঙ্গলবার সকালে পূর্বপরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযانের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণকালে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
দুদক সূত্রে আরও জানা গেছে, আটক আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।