Logo
প্রিন্টের তারিখ: 03 November 2026 | প্রকাশের তারিখ: Nov 3, 2026

সংবাদ শিরোনাম : রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে, মূল হোতারা অধরা

রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে, মূল হোতারা অধরা


​নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ী প্রধান ডাকঘরের প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় আদালতের নির্দেশ অমান্য করে জামিন নামঞ্জুর হওয়ায় ৭ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী এ আদেশ দেন।

​আদালত সূত্রে জানা যায়, মামলার মোট ১৩ জন আসামির মধ্যে ৭ জন আজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন এবং বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ইস্যু করেন।

​কারাগারে যাওয়া আসামিরা হলেন—

  • ​লেটার রাইটার মাহবুবুর রহমান
  • ​পোস্টাল অপারেটর আসমা আক্তার
  • ​সাবেক পোস্টাল অপারেটর নাজমুল হাসান
  • ​এস এম নুরুজ্জামান
  • ​প্যাকার কাম মেইল ক্যারিয়ার বিউটি রানী দাস
  • ​এমএলএসএস মো. রেজাউল আলম
  • ​নুরুল মাসুদ

​তবে এ ঘটনায় অর্থ আত্মসাতের মূল অভিযুক্ত তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধাসহ অন্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

​গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ:

এদিকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ ফেরত পাওয়ার দাবিতে মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহকরা।

​মানববন্ধনে অংশ নেওয়া ১০৪ জন ভুক্তভোগী গ্রাহক জানান, তারা তাদের কষ্টের উপার্জিত দীর্ঘদিনের জমানো টাকা প্রধান ডাকঘরে আমানত হিসেবে রেখেছিলেন। তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাবসহ চক্রটির যোগসাজশে কৌশলে তাদের সাদা স্লিপ দিয়ে এই দেড় কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তারা অবিলম্বে সম্পূর্ণ টাকা ফেরত এবং বাকি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​মামলার প্রেক্ষাপট:

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে রাজবাড়ী প্রধান ডাকঘরে এই জালিয়াতির ঘটনা ঘটে। গ্রাহকদের জমা রাখা টাকা ডাকঘরের কোষাগারে জমা না দিয়ে সাদা স্লিপের মাধ্যমে আত্মসাৎ করা হয়। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

​এ ঘটনায় গত ৩০ জুলাই ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে নাছরিন আক্তার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এছাড়া গত ২ আগস্ট কুষ্টিয়া ডাক বিভাগের পোস্ট অফিস পরিদর্শক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধাসহ ৭ জনের বিরুদ্ধে রাজবাড়ীর বিজ্ঞ সিনিয়র বিশেষ জজ আদালতে পৃথক আরেকটি মামলা করেন।

​রাজবাড়ী প্রধান ডাকঘরের বর্তমান পোস্টমাস্টার শামীম আহমেদ জানান, তিনি গত ৫ জুলাই যোগদানের পর বিষয়টি জানতে পারেন। বর্তমানে দুটি মামলা আইনি প্রক্রিয়ায় চলমান রয়েছে। এখন পর্যন্ত ১০৪ জন গ্রাহকের মোট ১ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের সত্যতা পাওয়া গেছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF