Logo
প্রিন্টের তারিখ: 06 November 2026 | প্রকাশের তারিখ: Nov 6, 2026

সংবাদ শিরোনাম : হাইব্রিড নেতাদের অত্যাচারে আওয়ামী আমলের চেয়েও খারাপ আছি: কৃষকদল নেতা শামীম গাজী

হাইব্রিড নেতাদের অত্যাচারে আওয়ামী আমলের চেয়েও খারাপ আছি: কৃষকদল নেতা শামীম গাজী


​বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর:

দলীয় ‘হাইব্রিড’ নেতাদের অত্যাচার, মামলা-হামলা এবং ক্যাডার বাহিনীর তাণ্ডবে আওয়ামী লীগ সরকারের আমলের চেয়েও খারাপ অবস্থায় রয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন লক্ষ্মীপুরের রায়পুরের কৃষকদল নেতা শামীম গাজী।

​শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব লিখিত অভিযোগ জানান। শামীম গাজী রায়পুর উপজেলা কৃষকদলের সাবেক সদস্যসচিব এবং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীর ছেলে।

​সংবাদ সম্মেলনে শামীম গাজী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৩ বছর ধরে রাজনৈতিক কারণে রাতে তিনি নিজের বাড়িতে ঘুমাতে পারেননি। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আশা করেছিলেন পরিস্থিতির উন্নতি হবে। বাস্তবে এখন তার চেয়েও কষ্টের দিন পার করছেন তিনি। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজের বাহিনীর একের পর এক হামলা, মামলা ও হুমকির কারণে এখনো তিনি রাতে বাড়িতে ঘুমাতে পারছেন না।

​লিখিত বক্তব্যে কৃষকদল নেতা শামীম আরও অভিযোগ করেন:

  • ​জমি ও মাছঘাট দখল: ফারুক ও মেহেদী কবিরাজের অস্ত্রধারী বাহিনী ইউনিয়নজুড়ে ত্রাস সৃষ্টি করে চরের প্রায় দুই হাজার একর জমি ও একাধিক মাছঘাট দখল করে নিয়েছে।
  • ​লুটপাট ও অগ্নিসংযোগ: তার নিজস্ব তিনটি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে প্রায় ২২ লাখ টাকা লুট করা হয়েছে। প্রতিষ্ঠানে আগুন দেওয়ার পাশাপাশি মাছের বাক্স নদীতে ফেলে দেওয়া হয়েছে।
  • ​গণহারে মামলা ও হয়রানি: এলাকার দুঃসময়ের বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলা দিয়ে অন্তত দুই হাজার নেতাকর্মীকে ঘরছাড়া করা হয়েছে।

​মাছঘাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার কারণ হিসেবে শামীম গাজী উল্লেখ করেন, আগামী উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরেই তার ও তার সমর্থকদের ওপর এই নির্যাতন চালানো হচ্ছে। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে তিনি ও তার নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

​এ অবস্থায় অবিলম্বে হামলা-লুটপাটের সুষ্ঠু বিচার এবং সুরক্ষার জন্য লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, উপজেলা বিএনপি এবং স্থানীয় পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

​অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য:

অভিযোগের বিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ তার বিরুদ্ধে ওঠা সব দাবি অস্বীকার করে বলেন, "একটি ঘটনায় বাজারের উত্তেজিত জনতা শামীমের ফার্মেসিতে হামলা চালিয়েছিল। এর সঙ্গে আমি বা আমার কোনো লোক জড়িত নয়। আর অন্য ঘটনাগুলো আদৌ ঘটেছে কি না তা আমার জানা নেই; আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।"

​অন্যদিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, শামীম গাজীর মাছঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার বিষয়টি তারা শুনেছেন। তবে এখনো পর্যন্ত এ নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF