নিজস্ব প্রতিবেদক:
জরুরি প্রয়োজনে রক্তের সংকট এড়াতে পর্যাপ্ত রক্ত সংগ্রহ ও মজুত নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “রক্ত দিলে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। একজন মানুষের দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে।”
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছরের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’।
অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব এবং তরুণ সমাজকে মানবসেবায় উদ্বুদ্ধ করতে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান ইতিমধ্যে মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রক্ত ও কর্নিয়া সংগ্রহের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
রক্তের অভাবে যেন কোনো মানুষকে প্রাণ হারাতে না হয়—তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে পর্যাপ্ত রক্তের মজুত গড়ে তোলার আহ্বান জানান।
প্রিন্ট করুন ফটো কার্ড