অনলাইন ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) হাতে ছাত্রদল নেতাসহ পাঁচজন গ্রেফতার হয়েছেন। এ সময় মাদক বহনে ব্যবহৃত ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন— ধানূয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭)। অন্য গ্রেফতারকৃতরা হলেন— সুজাত মিয়া (৩৭), মো. সিফাত (২০), মো. রুবেল মিয়া (২৭) ও মো. ফুরকান হোসেন (১৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার হওয়ার বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট করুন ফটো কার্ড