নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্টনে সাবেক সিআইডি প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় গাড়িটি তাঁর ছেলে চালাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির ব্যক্তিগত গাড়িটি রিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে রিকশাচালক সুলতান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় গাড়িটির সামনের অংশও বেশ ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় এক রিকশাচালক আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গাড়িটি বর্তমানে পল্টন থানা হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় গাড়িটি সাবেক ওই পুলিশ কর্মকর্তার ছেলে চালাচ্ছিলেন বলে শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর চালককে আটক করা সম্ভব হয়নি, তবে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রিন্ট করুন ফটো কার্ড