নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলীর মাতুয়াইল এলাকা থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘প্রেস’ লেখা একটি মাইক্রোবাস, একটি ভিডিও ক্যামেরা, দুটি টিভি চ্যানেলের বুম এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডিএনসি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কদমতলী থানার মাতুয়াইল মুক্তি সরণি পোল্ডার রোডের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনের আশপাশে অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘প্রেস’ লেখা একটি সাদা রঙের সন্দেহভাজন মাইক্রোবাসটি ঘেরাও করা হয়।
পরে গাড়িটিতে থাকা হোসাইন শরীফকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গাড়িতে ‘প্রেস’ স্টিকার ব্যবহারের সপক্ষে এবং বর্তমানে কোনো গণমাধ্যমে কর্মরত থাকার বিষয়ে কোনো সন্তোষজনক সদুত্তর দিতে পারেননি।
এরপর মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে স্টিয়ারিংয়ের পাশের বক্স থেকে শপিংব্যাগে রাখা ২১টি জিপারযুক্ত প্যাকেটে ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার পরিহিত প্যান্টের ডান পকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো আরও পাঁচটি প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৫ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার ওজন প্রায় ৫২০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হোসাইন শরীফ জানিয়েছেন, তিনি পূর্বে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে সাংবাদিকতার সঙ্গে জড়িত না থাকলেও গাড়ি ও পেশাগত সরঞ্জাম (ক্যামেরা, বুম, ভিজিটিং কার্ড ও প্রেস স্টিকার) ব্যবহার করে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি।
প্রিন্ট করুন ফটো কার্ড