নিজস্ব প্রতিবেদক:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুউচ্চ পাহাড়ের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ সেতুটি এখন কেবল দুই প্রান্তের যোগাযোগের মাধ্যমই নয়, বরং রোমাঞ্চপ্রিয় পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। গভীর গিরিখাতের ওপর নির্মিত বিশাল এই সেতুটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দেশি-বিদেশি দর্শনার্থীরা।
সম্প্রতি সেতুটির বিভিন্ন রোমাঞ্চকর কর্মকাণ্ডের একটি চিত্র সামনে এসেছে। দেখা গেছে, সেতুর কাচের পর্যবেক্ষণ মঞ্চে দাঁড়িয়ে অনেকে নিচের অতল গিরিখাত উপভোগ করছেন, কেউ আবার সেতুর নিচে ঝুলন্ত পথে হেঁটে বেড়াচ্ছেন। তবে সবচেয়ে বেশি রোমাঞ্চ ছড়াচ্ছে সেতুর বুক থেকে বাঞ্জি জাম্প দেওয়ার অভিজ্ঞতা।
সেতুটিতে বাঞ্জি জাম্প দেওয়ার প্রস্তুতি নেওয়া এক তরুণকে ঘিরে সম্প্রতি দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সেতুর সড়কপথের নিচে তৈরি বিশেষ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজের নিরাপত্তাব্যবস্থা ভালোভাবে পরীক্ষা করার পর শূন্যে ঝাঁপ দেন ওই তরুণ। প্রায় সাত সেকেন্ড ধরে গভীর গিরিখাতের দিকে দ্রতগতিতে নেমে যাওয়ার পর বিশাল বাঞ্জি দড়ির টানে তিনি আবার ওপরের দিকে ফিরে আসেন। এ সময় চারপাশের দর্শকদের উচ্ছ্বাস ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট সেতুর তুলনায় পানির পৃষ্ঠ থেকে প্রায় নয় গুণ বেশি উচ্চতায় অবস্থিত এই সেতুটি চীনের গুইঝৌ প্রদেশে অবস্থিত। আধুনিক প্রকৌশলবিদ্যার এক অনন্য বিস্ময় হিসেবে নির্মিত এই সেতুটি বর্তমানে শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং রোমাঞ্চপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড