অনলাইন ডেস্ক:
ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বৃদ্ধিতে হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির সংঘর্ষে অন্তত ১ হাজার ৫৭৪ জন নিহত এবং প্রায় ৭ হাজার মানুষ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থাটি জানায়, আগস্টের শুরু থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রায় তিন মাসের তীব্র লড়াইয়ে ইয়েমেনে মোট ৮ হাজার ৫১৩ জন হতাহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫৭৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৬ হাজার ৯৩৯ জন গুরুতর আহত হয়েছেন।
ডব্লিউএইচও জানিয়েছে, হতাহতদের এই সংখ্যার মধ্যে বেসামরিক নাগরিক নাকি যুদ্ধরত সামরিক সদস্য বা উভয় পক্ষের লোক রয়েছেন—সে বিষয়ে আলাদা করে কিছু স্পষ্ট করা হয়নি। তবে কেবল শেষ আট দিনেই সংঘাতের মাত্রা চরম আকার ধারণ করেছে, যেখানে ২৯২ জন নিহত এবং ১ হাজার ৪৮ জন আহত হয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার দেওয়া এক তথ্যে ডব্লিউএইচও জানিয়েছিল, ৬ আগস্ট থেকে শুরু হওয়া এই উত্তেজনায় ১ হাজার ২৮২ জন নিহত এবং ৫ হাজার ৮৯১ জন আহত হয়েছিলেন। পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।
উল্লেখ্য, ২০১৪ সালে সশস্ত্র হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিলে দেশটিতে দীর্ঘমেয়াদি সংঘাতের সূত্রপাত হয়। পরবর্তীতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহাল ও সহায়তা করতে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এই সংঘাতে হস্তক্ষেপ করে।
বর্তমানে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ তাদের নিয়ন্ত্রণে রেখেছে। অন্যদিকে, দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের সিংহভাগ এলাকা এবং প্রশাসনিক রাজধানী এডেন নিয়ন্ত্রণ করছে সরকারপন্থি বাহিনী ও তাদের মিত্ররা।
প্রিন্ট করুন ফটো কার্ড