নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর:
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ও অভিযুক্তদের বহিষ্কারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পুলিশ বক্সের সামনে শরীয়তপুর-মাদারীপুর প্রধান সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ২৯ অক্টোবর শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কলরেকর্ডে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এটি দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। বক্তারা অবিলম্বে মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও সাবেক যুবদল নেতা নজরুল ইসলাম লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনার দাবি জানান।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর কাছে স্মারকলিপি দেন নেতাকর্মীরা। জেলা বিএনপি বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিলে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।
জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ জানান, দুই দিনের কর্মসূচির প্রথম দিনে তারা এই বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। দাবি মানা না হলে উপজেলা ও থানায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রিন্ট করুন ফটো কার্ড