অনলাইন ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় ফাঁকা সড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি ‘হোন্ডা মোবাইল ডিউটি’ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আরাফাত (২০), ফাইমুল হাসান (২২) এবং আবির ব্যাপারী শান্ত (২৩)। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, আসাদ গেট এলাকায় এসআই হুমায়ুন কবীর, এএসআই কামাল ও এএসআই ইমদাদ নিয়মিত হোন্ডা মোবাইল ডিউটি করছিলেন। এ সময় ফাঁকা সড়কে ওই তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তারা চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আসাদ গেট এলাকায় পথচারীদের গতিরোধ করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের নাম-ঠিকানা যাচাইসহ পূর্বের কোনো অপরাধসংক্রান্ত তথ্য আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন ফটো কার্ড