সংসদ ভবন: দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশি হেফাজতে মৃত্যুর মতো অপসংস্কৃতির চিরতরে অবসান চায় সরকার। এসব মানবাধিকারবিরোধী ঘটনা যেন বাংলাদেশে আর কখনো ফিরে না আসে, সে বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অতীত সরকারের সময়ের মতো কোনো ধরনের বিচারবহির্ভূত তৎপরতা বরদাশত করা হবে না।
সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সম্প্রতি দেওয়া এক বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারের বিষয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি ওই শব্দচয়নের সমালোচনা করে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে কারো মুখেই এ ধরনের শব্দচয়ন করা ঠিক নয়। হয়তো আইনের কঠোর প্রয়োগের বিষয়টি তুলে ধরতে গিয়ে অসতর্কতাবশত আইজিপি এমন শব্দ ব্যবহার করে ফেলেছেন।”
বৈঠকে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা অতীতের বিভিন্ন গুম, খুন ও নিখোঁজের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং সংবিধানে মানবাধিকারের বিষয়টি আরও সুসংহত করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী ভুক্তভোগী পরিবারগুলোকে সর্বোচ্চ আইনি সহায়তা ও ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেন।
প্রিন্ট করুন ফটো কার্ড